
প্রেস বিজ্ঞপ্তি: রাজধানীর দনিয়া স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘সারাবেলা নাট্যোৎসব’। আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০:৩০ মিনিটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এই নাট্য আয়োজন।
বাংলাদেশে প্রথমবারের মতো দিনের আলোয় চারটি ভিন্ন নাট্যদলের ভিন্ন ভিন্ন স্বাদের নাটক নিয়ে এই উৎসব সাজানো হয়েছে। উৎসবের সময়সূচী অনুযায়ী সকাল ১১:০০ টায় মঞ্চস্থ হবে প্রাচ্যনাট-এর প্রযোজনা ‘গার্ডিয়ানস অফ দ্য গডস’, দুপুর ১২:৩০ মিনিটে মঞ্চস্থ হবে নাট্যপালা’র নাটক ‘বাঘ’। মধ্যাহ্নভোজের বিরতি শেষে বিকাল ০৩:০০ টায় মঞ্চস্থ হবে অনুস্বর-এর প্রযোজনা ‘বুদ্ধিজীবীর বাসায় শয়তান’ এবং উৎসবের সর্বশেষ নাটক হিসেবে বিকাল ৫:০০ টায় প্রদর্শিত হবে শূন্যন রিপোর্টরি থিয়েটার-এর প্রযোজনা ‘গোধুলিবেলা’।
উৎসবের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে প্রতিটি নাটক শেষে থাকছে ‘দর্শকের মুখোমুখি’ অনুষ্ঠান। এতে সংশ্লিষ্ট নাটকের অভিনেতা ও নির্দেশকগণ দর্শকদের প্রশ্নের উত্তর দেবেন। এই কথোপকথন ও আলোচনায় অংশগ্রহণ করবেন ঢাকা মহানগরের বেসরকারি গ্রন্থাগারের প্রতিনিধি, দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বরেণ্য লেখক ও সাংবাদিকবৃন্দ। আয়োজকদের মতে, নাটকের পাশাপাশি এই আলোচনা দর্শকদের জন্য এক বাড়তি পাওনা হিসেবে কাজ করবে।
উল্লেখ্য যে, ২০১৯ সালের ২২শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক একক নাট্য উৎসবের মধ্য দিয়ে দনিয়া স্টুডিও থিয়েটার হলের যাত্রা শুরু হয়েছিল। এই মঞ্চে এর আগে মহাকাল নাট্য সম্প্রদায় বাংলা নাট্য উৎসবের আয়োজন করেছিল, যার সহযোগী ভেন্যু হিসেবে ছিল শিল্পকলা একাডেমি ও মহিলা সমিতি মঞ্চ। এমনকি করোনা মহামারীর প্রতিকূল সময়েও মানুষের মনোবল চাঙ্গা রাখতে ‘ভয়কে জয় করবে নাটক’ শিরোনামে সাতটি দলের অংশগ্রহণে উৎসব আয়োজন করা হয়েছিল এই প্রাঙ্গণে। দীর্ঘ বিরতির পর আয়োজিত এই নাট্যোৎসব রাজধানীর নাট্যপ্রেমী ও দনিয়ার সাংস্কৃতিক সেবিদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply