নিজস্ব প্রতিনিধি: বেসরকারি গ্রন্থাগারিকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ৬৪তম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়। আজ (২০ এপ্রিল) জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এ এইচ এম সাখাওয়াত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার উপপরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংস্থার সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক।
অনুষ্ঠানের শুরুতে মাননীয় মন্ত্রী মহোদয় এবং সম্মানিত সচিব মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেন সংস্থার বিবলিওগ্রাফী অফিসার মোবাশশিরা মাহমুদা এবং ফিল্ড অফিসার আফছানা আক্তার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে বই পড়ার কোনো বিকল্প নেই। বই পড়ার মাধ্যমে আমরা ইতিহাস, ঐতিহ্য, জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে জানতে পারি। জ্ঞানের চর্চা থাকলে নানা রকম আসক্তি থেকে যুবসমাজ দূরে থাকতে পারবে। আমাদের বিভিন্নমুখী জ্ঞান অর্জন করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বিশেষ অতিথি তাঁর বক্তব্যে বলেন- প্রত্যন্ত অঞ্চলে পাঠকদের বই পড়াতে বেসরকারি গ্রন্থাগারসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাঠাগারগুলোতে শিশুদের বই পড়ায় আগ্রহী করতে উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে।
প্রশিক্ষণ কর্মশালায় দেশের ৩৫টি বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক/প্রতিনিধি অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ চলবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত।
Leave a Reply